গুরুতর অসুস্থ অস্ট্রেলিয়ার প্রথম বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অ্যালান বোর্ডার। ৬৮ বছরের সাবেক ক্রিকেটার ২০১৬ সাল থেকে পার্কিনসন্সে আক্রান্ত। নিজের অসুস্থতা নিয়ে বোর্ডার বলেছেন, তিনি পরিণতি নিয়ে ভীত নন। তবে ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়া নিয়ে চিন্তিত।
ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিনের খেলা দেখতে এসেছিলেন বোর্ডার। চা বিরতিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমার শরীর এমনিতে বেশ ভালই আছে। পার্কিনসন্স ছাড়া কোনও সমস্যা নেই শরীরে। আমি এখনও গল্ফ খেলি। এখনও সকালে হাঁটতে যাই। সাধারণভাবে নিজের সব কাজও করতে পারি। তবে এখন আর আমি ম্যারাথনে দৌড়তে পারব না। বাকি সব কিছু ভাল ভাবেই চলছে।' ১৫৬ টেস্টের ১১ হাজার ১৭৪ রান করা বোর্ডার বলেন, 'আমি খুব একটা ভীত নই। তবে ধীরে ধীরে পরিস্থিতির অবনতি হওয়া নিয়ে কিছুটা চিন্তিত আমি। আমার মনে হয়, অসুস্থতাটা নিয়ে যত কম জানব, আমার জন্য তত ভাল হবে। আমার স্ত্রী জেন সব কিছু জানে।'
অসুস্থতা নিয়ে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেছেন, 'এটা একটা স্নায়বিক সমস্যা। মস্তিষ্কে ডোপামিন নামে একটা জিনিসের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এর ফলে পেশি এবং স্নায়ুতন্ত্র প্রভাবিত হয়। এর বেশি কিছু আমি জানি না পার্কিনসন্স নিয়ে। আমার শুধু মনে হয়ে এ রকম অসুস্থতা নিয়ে মহম্মদ আলি কী ভাবে অলিম্পিক্সের মশাল জ্বালিয়েছিলেন! অবিশ্বাস্য!'
দেশ-বিদেশের ক্রিকেটারদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে বোর্ডারের। অনেকেই নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজ নেন। তেমনই এক জন ওয়াসিম আকরাম । পাকিস্তানের সাবেক অধিনায়ককে পাঠানো একটা বার্তার কথাও ওঠে। বওর্ডার বলেন, 'আকরামকে অনেক দিন আগে একবার বলেছিলাম, পুনর্জন্ম থাকলে আগামী জন্মে তোমার মতো হতে চাই। এক জন ভয়ঙ্কর বাঁহাতি জোরে বোলার হতে চাই।' বোর্ডার জানান, 'আমার জীবন খুব একটা পরিবর্তন হয়নি। খুব একটা বদলেছি বলেও মনে হয় না। এখনও প্রচুর শুভেচ্ছাবার্তা পাই। একটু অস্বস্তিকর হলেও ভাল লাগে। জানি না মানুষের সঙ্গে এখন কিছুটা নরম ভাবে কথা বলি কি না।'
এর আগে এক সাক্ষাৎকারে মৃত্যুর আশঙ্কার কথা বলেছিলেন বোর্ডার, 'আমার বয়স এখন ৬৮। ৮০ বছর পর্যন্ত বাঁচলে অবিশ্বাস্য ব্যাপার হবে। আমার এক বন্ধু আছেন। তিনি চিকিৎসক। তাকেও ঠিক এই কথাটাই বলেছিলাম একবার। সে-ও মেনে নিয়েছে ৮০ বছর পর্যন্ত বেঁচে থাকলে সেটা অলৌকিক হবে।' বোর্ডার জানেন, জীবনের খুব বেশি দিন হয়তো বাকি নেই তাঁর। বাকিটুকুও উপভোগ করতে চান। নিজেকে যতটা সম্ভব সচল রাখতে চান।
×
