এক বছর আগের ২৮ জানুয়ারি। শুটিং বিশ্বকাপে সেদিন সেরা আটে জায়গা করে নিয়েছিলেন এক বাংলাদেশি। নারায়ণগঞ্জের ২৩ বছর বয়সী কামরুন নাহার কলি সেদিন সাড়া ফেলে দিয়েছিলেন। বছর ঘুরে আবার যখন এসেছে জানুয়ারি। তখন তিনি বসলেন বিয়ের পিঁড়িতে। কুমিল্লার মুরাদনগরের ছেলে মির্জা আবিদুর রহমানের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।
গত বছরের ২৬ ডিসেম্বর মালয়েশিয়া থেকে পড়াশোনা করে এসেছেন আবিদুর। তার সঙ্গে পরিচয়ের এক মাসের মধ্যে পরিণয় সম্পন্ন হলো কলির। বিয়ের জন্য কলিকে জাতীয় শুটিং ক্যাম্প থেকে তিন দিনের ছুটি নিতে হয়েছে। রবিবার আবারও ক্যাম্পে যোগ দিতে হবে।
কলি বলেছেন, ‘স্বল্প পরিসরে বিয়েটা হয়ে গেল। আমার বরসহ শ্বশুর বাড়ির সবাই ক্রীড়ামনস্ক। সবাই চায় বিয়ের পরও যেন শুটিং চালিয়ে যাই। দেশের জন্য পদক নিয়ে আসি। আমিও সেই চেষ্টা করে যাবো।’
