বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘আইকন অব দ্য সিস’ সমুদ্রে যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি বন্দর থেকে স্থানীয় সময় শনিবার এটি প্রথম যাত্রা শুরু করে। রবিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রমোদতরীটি ৭ হাজার ৬০০ জন যাত্রী পরিবহনে সক্ষম। এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার বা ১ হাজার ১৯৭ ফিট। প্রমোদতরীটিতে ২০টি ডেক, ৭টি সুইমিংপুল, ৬টি ওয়াটার স্লাইড এবং ৪০টির বেশি রেস্তোরাঁ, বার ও লাউঞ্জ রয়েছে। এটির মালিক রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ, যার বহরে রয়েছে ওন্ডার অব দ্য সিস, সিম্ফনি অব দ্য সিস, ওয়েসিস অব দ্য সিসের মতো বিলাসবহুল বিশাল প্রমোদতরী।
বিবিসি জানিয়েছে, আইকন অব দ্য সিস গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে ৭ দিনের সমুদ্রযাত্রায় যাচ্ছে।
এদিকে প্রমোদতরীটির মিথেন গ্যাস নিঃসরণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। তারা বলছেন, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসচালিত প্রমোদ তরীটি বাতাসে ক্ষতিকারক মিথেন ছড়াবে।
ইন্টারন্যাশনাল কাউন্সিল অন ক্লিন ট্রান্সপোর্টেশনের (আইসিসিটি) মেরিন প্রোগ্রামের পরিচালক ব্রায়ান কমার বলেছেন, ‘এটি একটি ভুল পদক্ষেপ। কারণ, আমরা অনুমান করেছি যে, সামুদ্রিক জ্বালানি হিসেবে এলএনজি ব্যবহার করলে সামুদ্রিক গ্যাস তেলের তুলনায় ১২০ ভাগ বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়।’
তবে রয়্যাল ক্যারিবিয়ানের মুখপাত্র সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আইকন অফ দ্য সিস’ আধুনিক জাহাজের জন্য আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্ধারিত মানের চেয়ে ২৪ ভাগ বেশি শক্তি সাশ্রয়ী।
