৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে আন্দোলনরত বিএনপির বড় প্রত্যাশা ছিল জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘সেটা অর্জন করতে পারিনি। এতে হতাশ হওয়ার কিছু নেই।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, ‘এ আন্দোলন সহজ নয়। গণতন্ত্র কিন্তু ছেলের হাতের মোয়া নয়, এটা আমাদের বুঝতে হবে। গণতন্ত্রকে বজায় রাখতে চাইলে প্রতিমুহূর্তে সংগ্রাম করতে হবে। আমরা সেই সংগ্রামে রত আছি।’
গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো. বাবুল সরদার চাখারী, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।
