ভারতের বেঙ্গালুরু শহরে সেদিন তীব্র যানজট। কিন্তু বিয়ের অনুষ্ঠানে তো পৌঁছাতেই হবে। অগত্যা গাড়ি ছেড়ে পরিবার নিয়ে মেট্রোরেলে উঠলেন কনে। এভাবেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছায় কনে ও তার পরিবার।
এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টানেটে। গত ১৬ জানুয়ারি এক্সে (সাবেক টুইটার) 'ফরএভার বেঙ্গালুরু' নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় ভিডিওটি। তাতে দেখা যায়, বিয়ের পোশাক পরে পরিবার নিয়ে মেট্রোস্টেশনে পৌঁছান ওই কনে। পরে ট্রেনে চড়ে অনুষ্ঠানস্থলের দিকে যাত্রা শুরু করেন তিনি। এসময় তাকে বেশ হাসিখুশি দেখা যায়। আঙুল দিয়ে বিজয়সূচক চিহ্নও দেখাচ্ছিলেন।
ভিডিওতে বলা হয়, বেঙ্গালুরু শহরে তীব্র যানজট। এতে গাড়িতে করে বিয়েতে যোগ দেওয়া একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল কনের পরিবারের জন্য। শেষ পর্যন্ত গাড়ি ছেড়ে মেট্রোতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আর এই বুদ্ধির জেরেই সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পেরেছিলেন তারা।
ভিডিওটি সোশালে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেটিতে মজার মজার মন্তব্য করেন অনেকে। ওই কনেটি এখন ইন্টারনেটে 'স্মার্ট কনে' খ্যাতি পেয়েছেন।
