ঢাবি উপাচার্যের নামে ভুয়া মেইল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের নামে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এর মাধ্যমে পরিচিতদের কাছে বার্তা পাঠিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করা হচ্ছে। তবে কে বা কারা এই ই-মেইল অ্যাকাউন্ট খুলে এমন কাজ করছে তা জানা যায়নি।

এ অবস্থায় সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে উপাচার্য অধ্যাপক ড মাকসুদ কামাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

ফেসবুক পোস্টে উপাচার্য লিখেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি ঘোষণা। কেউ আমার নাম এবং প্রোফাইল ছবি ব্যবহার করে একটি ভুয়া জি-মেইল অ্যাকাউন্ট তৈরি করেছে। প্রতারক গুগল চ্যাট আমন্ত্রণ পাঠাচ্ছে এবং আমার নাম ব্যবহার করে ভুল বার্তা পাঠাচ্ছে।”

নিজের ই-মেইল আইডি উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমি যে ইমেল ঠিকানাটি ব্যবহার করি তা হলো [email protected]। তাই অনুগ্রহ করে এই ধরনের কোনো আমন্ত্রণে সাড়া দেওয়ার আগে উল্লেখিত ই-মেইল ঠিকানাটি দেখুন। আপনার পরিচিতদের মধ্যে এই খবর ছড়িয়ে দিন।’

এই পোস্টের সাথে উপাচার্য ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো বার্তার স্ক্রিনশর্ট সংযুক্ত করে দেন। যেখানে দেখা যায় উপাচার্যের ছবি সম্বলিত একটি ই-মেইল থেকে বার্তা পাঠিয়ে জরুরি দরকারের কথা বলে উপাচার্যের হয়ে কাজ করিয়ে দেয়ার জন্য বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত