থানা থেকে বাড়ি ফিরছেন মঈন খান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয় বলে অভিযোগ করেছিল বিএনপি। তবে পুলিশ জানিয়েছিল তাকে আটক করা হয়নি, থানায় আনা হয়েছিল। ঘটনার কিছুক্ষণ বিকেল সোয়া ৩টার দিকে মঈন খানকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসায় ফিরছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির দাবি, মঙ্গলবার (৩০ জানুয়ারি) দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপির কালো পতাকা মিছিল করে নেতাকর্মীরা। বেলা আড়াইটার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মঈন খানকে থানা থেকে ছেড়ে দিয়েছে। তিনি বাসায় যাচ্ছেন।’

মিছিল থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ চারজনকে আটক করা হয়েছে বলে দাবি বিএনপি নেতাদের।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেছেন, ‘মঈন খানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। আমরা তাকে অপেক্ষা করতে বলেছি। সেই সঙ্গে কালো পতাকা মিছিল থেকে বিরত থাকতে বলেছি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত