ইসরায়েলের দাবি

জাতিসংঘের ১৯০ জন কর্মী জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত

  • শিক্ষকসহ ইউএনআরডব্লিউএ-এর প্রায় ১৯০ জন কর্মী হামাস বা ইসলামিক জিহাদের সদস্য হিসাবে কাজ করছে, অভিযোগ ইসরায়েলের
  • এখনও আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে গোয়েন্দা নথির অনুলিপি দেওয়া হয়নি বলে সোমবার জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৩:৪৫ পিএম

জাতিসংঘের ১৯০ জন কর্মী ‘জঙ্গি’ হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। এছাড়া গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় জাতিসংঘের কিছু কর্মী অপহরণ এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে দাবি জানিয়েছে দেশটি।

সম্প্রতি ইসরায়েলের ৬ পৃষ্ঠার এক গোয়েন্দা নথিতে এই দাবি করেছে দেশটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

যদিও ইসরায়েলের এই অভিযোগের প্রেক্ষিতে ফিলিস্তিনে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এতে অর্থায়ন স্থগিত করেছে পশ্চিমা অনেক দেশ।

রয়টার্স জানায়, ইসরায়েলের ৬ পৃষ্ঠার গোয়েন্দা নথিটি হাতে পেয়েছে তারা। নথিতে অভিযোগ করা হয়েছে, শিক্ষকসহ ইউএনআরডব্লিউএ-এর প্রায় ১৯০ জন কর্মী হামাস বা ইসলামিক জিহাদের সদস্য হিসাবে কাজ করছে। নথিতে তাদের ১১ জনের নাম ও ছবিও রয়েছে।

নথিতে অভিযোগ করা হয়েছে, ১১ জনের মধ্যে একজন হলেন ইউএনআরডব্লিউএ-এর এক স্কুল কাউন্সেলর যিনি ইসরায়েলে হামাসের অনুপ্রবেশের সময় একজন মহিলাকে অপহরণ করতে তার ছেলেকে সাহায্য করেছিলেন।

অন্য আরেকজন ইউএনআরডব্লিউএ এর সামাজিক কর্মী। তার বিরুদ্ধে নিহত এক ইসরায়েলি সৈন্যের মৃতদেহ গাজায় স্থানান্তর এবং হামাসের হামলাকারী ও তাদের অস্ত্র বহনের জন্য পিক-আপ ট্রাক চলাচলের গতিবিধিও সমন্বয়ের অভিযোগ রয়েছে।

ইসরায়েলের গোয়েন্দা নথিতে তৃতীয় আরেকজন ইউএনআরডব্লিউএ-এর কর্মীর বিরুদ্ধে ইসরায়েল সীমান্তের বিরি গ্রামে তাণ্ডব চালানোর জন্য অভিযুক্ত করা হয়েছে। হামাসের হামলায় ওই গ্রামের দশ ভাগের এক ভাগ বাসিন্দা নিহত হয়েছিল।

এছাড়া চতুর্থ একজনের বিরুদ্ধে রেইমের সেনা ঘাঁটিতে আক্রমণে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া গানের অনুষ্ঠানেও হামলায় জড়িত ছিলেন তিনি। সেখানে ৩৬০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে গোয়েন্দা নথির অনুলিপি দেওয়া হয়নি বলে সোমবার জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক।

এদিকে ইউএনআরডব্লিউএ কিছু কর্মীকে বরখাস্ত করেছে এবং অভিযোগগুলি তদন্ত করছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ফিলিস্তিনিরা ইউএনআরডব্লিউএ কে কলঙ্কিত করার জন্য ইসরায়েল মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ ইসরায়েলকে সংস্থাটির ওপর ‘পূর্বপরিকল্পিত রাজনৈতিক আক্রমণ’ করার জন্য অভিযুক্ত করেছেন। একইসঙ্গে জাতিসংঘের এই সংস্থাটির সাহায্য তহবিল পুনরায় চালু করারও আহ্বান জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত