প্রতিবছরের মতো এবারও ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ'র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্কুল প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিযোগীরা এবার রচনা লেখা, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তৃতা বিষয়ে বয়সভেদে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেবে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন, বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান, স্কুলের ডেপুটি হেড আলিশের রাহিমবারদিয়েভ, স্কুলের শিক্ষক ইমাম হোসেন, আবুল কাশেম, মো. মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা জানান, ভাষার মাসে দেশের ইংরেজি মাধ্যম এবং ইংরেজি ভার্শন স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। বার্ষিক এই প্রতিযোগিতার ধারাবাহিকতা এরই মধ্যে সাফল্যের সাথে এক যুগ অতিক্রম করেছে।
এ বছরও অন্যান্য বারের মতো প্রতিযোগিতার উপদেষ্টা ও বিচারক হিসেবে রয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ-লেখক-শিল্পীবৃন্দ। বাংলা অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এবার বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা হিসেবে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
আরও উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, আবৃত্তিশিল্পী রেজিনা ওয়ালী লীনা, বিশিষ্ট নৃত্যশিল্পী লায়লা হাসান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, প্রিয়াঙ্কা গোপ, সরকারি সঙ্গীত কলেজের শিক্ষক কমল খালিদ, ইউনুসুর রহমান, নৃত্যশিল্পী সাজু আহমেদ, সামিনা হোসেন প্রিমা প্রমুখ।
ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলা ভাষা চর্চার এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আনন্দিত ও গর্বিত। সফলভাবে এক যুগ ধরে এই প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এক যুগের বেশি সময় ধরে এত বড় একটা প্রতিযোগিতার আয়োজন করে আমাদের স্কুল বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক কামরুল আহসান বলেন, ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা অলিম্পিয়াড দেশের সবচেয়ে উল্লেখযোগ্য অনুষ্ঠান। গত এক যুগের বেশি সময় ধরে আয়োজিত বাংলা অলিম্পিয়াড দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জীবন ও দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের যে ভীতি ও বিতৃষ্ণা ছিল, সেটা বাংলা অলিম্পিয়াডের মাধ্যমে অনেকটাই কেটে গেছে। এখন দেশের বড় বড় স্কুলগুলো সারা বছর আমাদের বাংলা অলিম্পিয়াডের জন্য অপেক্ষায় থাকে। বাংলা অলিম্পিয়াডে পুরস্কৃত হওয়া ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বিরাট সম্মানের একটি অর্জন বলে বিবেচিত হচ্ছে।
রেজিস্ট্রেশন
বাংলা অলিম্পিয়পাডের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১ জানুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুলগুলো অনলাইনে Banglaolympiad.org ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে।
