করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৬:০৪ এএম

দেশে সাত দিন পর করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরের প্রথম মাসের গত ৩০ দিনে মারা গেছে পাঁচজন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় এক পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৭১-৮০ বছরের মধ্যে।

একই সময়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। ৯৩৫টি নমুনা পরীক্ষা করে ৫৭ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা অনুপাতে রোগী শনাক্তের হার ছিল ৬ দশমিক ১০ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি রোগী ছিল গত বছরের ৪ আগস্ট ৭২ জন। সেদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৫২ শতাংশ ও কেউ মারা যায়নি। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গতকাল পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জন ও মারা গেছে ২৯ হাজার ৪৮২ জন।

দিনের ৯৩% ডেঙ্গু রোগী ঢাকার বাইরে: গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৪ জনই ভর্তি হয়েছে ঢাকার বাইরে। এই সংখ্যা দৈনিক ভর্তি রোগীর ৯৩ শতাংশ। মাত্র একজন রোগী ভর্তি হয়েছে ঢাকায়। এ নিয়ে চলতি বছরের গত ৩০ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৫ জনে। তাদের মধ্যে ৬৬ শতাংশ বা ৬৮৬ জন রোগীই ঢাকার বাইরের। আর ঢাকায় রোগীর সংখ্যা ৩৪৯ জন, যা মোট রোগীর ৩৪ শতাংশ।

তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ৯ দিন ধরে ডেঙ্গুতে মৃত্যুশূন্য দেশ। সর্বশেষ একজনের মৃত্যু হয়েছিল গত ২১ জানুয়ারি। চলতি বছরের গত ৩০ দিনে মারা গেছে ১৪ জন। তাদের মধ্যে ঢাকায় মারা গেছে আটজন ও ঢাকার বাইরে ছয়জন। মৃত্যুহার ১ দশমিক ৪ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত