শাশুড়ির অত্যাচারে তিন সন্তানসহ বিষপান গৃহবধূর, ছোট মেয়ের মৃত্যু

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:৩৫ এএম

গোপালগঞ্জে বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে শাশুড়ির মানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন পলি বেগম নামে এক গৃহবধূ। শুধু তাই নয়, নিজের হাতে বিষ খাওয়ান তার ৩ কন্যা সন্তানকেও। অসুস্থ অবস্থায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদেরকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ছোট মেয়ে দেড় বছরের মীম মারা যায়।

জানা গেছে, প্রায় দশ বছর আগে কাশিয়ানী উপজেলার লংকারচর গ্রামের হাবিবুর রহমান মোল্যার ছেলে টিটু মোল্যার সঙ্গে একই উপজেলার খাগড়াবাড়ি গ্রামের শরিফুল শেখের মেয়ের সাথে পলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় শাশুড়ি সেকেলা বেগম তার পুত্রবধূ পলির বাবা শরিফুল শেখের একাধিক বিয়ে নিয়ে মানুষিক নির্যাতন চালিয়ে আসছিলেন। 

মঙ্গলবার সকালে পলি তার শাশুড়ির উঠানে জ্বালানি (গাছের পাতা) শুকাতে দেয়। এ নিয়ে শাশুড়ি গালমন্দসহ পলির বাবার একাধিক বিয়ের বিষয় নিয়ে নানান বাজে মন্তব্য করতে শুরু করেন। এর জেরে দুপুরে জমিতে ব্যবহারের জন্য বাড়িতে থাকা কীটনাশক পান করেন পলি বেগম। পরে চামচে করে একে একে তার মাদ্রাসায় পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকে বিষপান করান।

বিষয়টি টের পেয়ে প্রথমে তাদেরকে নেয়া হয় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

কর্তব্যরত চিকিৎসক অনামিকা জাহান জানান, মা পলি বেগম ও বড় মেয়ে আফসানা শঙ্কামুক্ত হলেও খানিকটা ঝুঁকিতে রয়েছে আড়াই বছরের মেয়ে আমেনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত