'নতুন রোনালদো'র প্রথম গোলে জয়ে ফিরল বার্সা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম

খেলার শেষ হতে তখন বাকি ২৮ মিনিট। এমন সময় বার্সার জার্সি গায়ে নামেন ভিতর রকি। ৬৮ সেকেন্ডের মধ্যেই করফেলেন গোল। 'নতুন রোনালদো' খ্যাত এই ব্রাজিলিয়ান ফুটবলার কাতালানদের জার্সি গায়ে এটাই তার প্রথম গোল। যে গোলে ভর করে জয়ের ধারায় ফিরেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।

কাল রাতে লা লিগার ম্যাচে ওসাসুনাকে ১-০ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা।

ম্যাচের ৬২ মিনিটে অবাক করা এক সিদ্ধান্ত নেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। ফারমিন লোপেজকে তুলে ভিতর রকিকে নামান তিনি। সে সময় পর্যন্ত ম্যাড়ম্যাড়ে এই ম্যাচে বার্সার হয়ে লোপেজই যা একটু ভয় ছড়িয়েছেন ওসাসুনার বক্সে। সিদ্ধান্তটি নিয়ে তর্ক হতে পারত, হতে পারে, তবে রকিকে নামানোয় জাভিকে লেটার মার্কস দিতেই হবে। রবার্ট লেভানডফস্কি ম্যাচের শুরু থেকে মাঠে নেমেও যে গোলের দেখা পাননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সেটি করেছেন নামা মাত্রই।

বাঁ প্রান্ত থেকে হোয়াও ক্যানসেলো বুটের বাইরের অংশ দিয়ে বাঁকানো ক্রস দিয়েছিলেন। রকি মাথা ছুঁইয়ে বলের দিক পরিবর্তন করে জালে পাঠান। গোলের পর খেলায় কিছুটা প্রাণ ফিরেছে। রকি ব্যতিব্যস্ত  করে তুলেছিলেন ওসাসুনা রক্ষণকে। 

তাকে থামাতে ফাউল করায় ৬৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওসাসুনা সেন্টারব্যাক উনাই গোমেজ। ১০ জনে পরিণত হওয়া প্রতিপক্ষের দুর্বলতার সুযোগও নিয়েছে জাভির দল। ৭৯ মিনিটে রকির পাস থেকে গোল করেছিলেন লেভানডফস্কি। কিন্তু পোলিশ তারকা অফসাইড থাকায় গোলটি বাতিল হয়।

প্রথমার্ধে কোনো দলই সেভাবে আক্রমণাত্বক ফুটবল খেলতে পারেনি। ৬ মিনিটে চোট পেয়ে ফেরান তোরেসের মাঠ ছাড়া জাভির জন্য বড় ধাক্কা ছিল। তাঁর জায়গায় মিডফিল্ডার লোপেজ নেমে অবশ্য পুষিয়ে দিয়েছেন। ভালো কিছু আক্রমণ তৈরি করলেও লামিন ইয়ামাল ও লেভানডফস্কির দুর্বল ফিনিশিংয়ে গোল হয়নি।

স্প্যানিশ কোপা দেল রে-তে অ্যাথলেটিক বিলবাও এবং লা লিগায় ভিয়ারিয়ালের কাছে হেরে এই ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। ভিয়ারিয়ালের কাছে হারের পর মৌসুম শেষে বার্সার কোচ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন জাভি। তারপর এ ম্যাচে মাঠে নেমেই জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাস বাড়বে জাভির দলের। 

২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় বার্সা। সমান ম্যাচে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে জিরোনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত