ববি ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করায় সড়ক অবরোধ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৬ এএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী আল সামাদ শান্তকে গ্রেপ্তারের প্রতিবাদে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ। বুধবার (৩১ জানুয়ারি) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে । পরে পুলিশের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাত সাড়ে এগারোটার দিকে সড়ক অবরোধ তুলে নেন ছাত্রলীগ কর্মীরা। 

জানা যায়, বহিরাগত শিক্ষার্থী মাইদুর রহমান বাকী চক বাজার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল সামাদ শান্তকে মেরে পুলিশের হাতে সোপর্দ করেন। এরপর পুলিশ তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখায়। খবর পেয়ে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। পরে সাধারণ শিক্ষার্থীরাও রাস্তায় জড়ো হন। 

এ বিষয়ে ছাত্রলীগ কর্মী রমজান হোসেন সোহাগ বলেন, চক বাজার থেকে বাকীসহ আরও ১০-১২ জন শান্ত ভাইকে মেরে পুলিশের হাতে দেয়। বাকী বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী। তাকে গ্রেপ্তার করতে হবে ও শান্ত ভাইকে মুক্তি দিতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী সিতাব বলেন, বিনা কারণে আমাদের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে না ছাড়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে। আমাদের দাবি একটাই, শান্ত ভাইকে বিশ্ববিদ্যালয়ে এসে দিয়ে যেতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড আবদুল কাইয়ুম বলেন, খবর পেয়ে আমি দ্রুত বিশ্ববিদ্যালয়ে এসেছি। শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি বহিরাগত কেউ শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এ বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব।  

বরিশালের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া, আমরা দেখেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নামে যতগুলো মামলা রয়েছে আমরা সবগুলো খতিয়ে দেখবো। আমরা চাইবো না কোনো শিক্ষার্থী বিনা অপরাধে গ্রেপ্তার হোক। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত