বিশাখাপত্তনম টেস্ট

ইংলিশ স্পিনারদের চোখ রাঙানি উপেক্ষা করে যশস্বীর ১৭৯*, ভারত ৩৩৬/৬

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম

গত বছরের জুলাইতে উইন্ডিজের বিপক্ষে ১৭১ রান করে টেস্ট ক্যারিয়ার শুরু করেন যশস্বী জসওয়াল। হায়দরাবাদে চলতি সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮০ রানে আউট হয়ে গেলেও বিশাখাপত্তনমে পেয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা। তাও আবার জিমি অ্যান্ডারসনের মতো অভিজ্ঞ পেসার ও কন্ডিশন বিবেচনায় ভয়ঙ্করী চার স্পিনারের সামনাসামনি হয়ে। ১৭ বাউন্ডারি ও ৫ ছক্কায় ২৫৭ বলে ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংস খেলে দিন পার করেছেন যশস্বী। যা ১৩ বছর পর ভারতের মাটিতে ব্যক্তিগত সংগ্রহের কীর্তিতে একদিনে সর্বোচ্চ।

যশস্বী জয়সোয়াল

তাতে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে প্রথম দিনশেষে ৬ উইকেটে ৩৩৬ রান। অ্যান্ডারসনের একটি শিকার বাদে বাকি পাঁচটি উইকেটই পেয়েছেন ইংলিশ স্পিনাররা। অভিষেক টেস্টের প্রথম দিনে দুই উইকেট পেয়েছেন শোয়েব বশির। দুটো পেয়েছেন রেহান আহমেদ। গত ম্যাচের তারকা টম হার্টলি পেয়েছেন একটি।

অভিষেকে রোহিত শর্মা ও অক্ষর প্যাটেলের উইকেট নিয়েছেন শোয়েব বশির

ভারতের ইনিংসের হাল একাই টেনেছেন যশস্বী। বলেন, ‘বলের মেধা বুঝে খেলার চেষ্টা করেছি। যখনই কোনো বাজে বল পেয়েছি, চেষ্টা করেছি কাজে লাগাতে। নিজের শট ম্যানেজ করে খেলার প্রচেষ্টা করেছি।’

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান এসেছে শুবমান গিলের ব্যাটে। অভিষেক টেস্টে রজত পাতিদার করেছেন ৩২ রান। অশ্বিন ৫ রানে অপরাজিত আছেন যশস্বীর সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত