মারা গেছেন নামিবিয়ার প্রেসিডেন্ট গেইঙ্গোব

  • গত জানুয়ারি মাসে গেইঙ্গবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়, তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি
  • ২০১৫ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম

নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোব রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৮২ বছর বয়সী গেইঙ্গোব ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সামাজিক যোগযোগমাধ্যমে এক পোস্টে এই শোক সংবাদ জানিয়েছে নামিবিয়ার প্রেসিডেন্সি কার্যালয়। রোববার এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নামিবিয়ার রাজধানী উয়িনঢোয়েকে লেডি পোহাম্বা হাসপাতালে প্রায় এক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন গেইঙ্গোব। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় প্রেসিডেন্টের স্ত্রী ও সন্তান পাশে ছিলেন।

গত জানুয়ারি মাসে গেইঙ্গবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ২ দিনের চিকিৎসা শেষে গত বুধবার (৩১ জানুয়ারি) দেশে ফিরেছিলেন তিনি।

গেইঙ্গোবের মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এমবুম্বা বলেন, 'আমি গতকালই জাতিকে জানিয়েছি, চিকিৎসক দল আমাদের রাষ্ট্রপতির সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে। দুঃখজনকভাবে, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও নামিবিয়ার বন্ধু, রাষ্ট্রপতি চলে গেলেন।

২০১৪ সালে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি জনসম্মুখে জানান গেইঙ্গোব। ২০১৫ সালে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। নামিবিয়ার সংবিধান অনুযায়ী, এক ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকতে পারেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত