১৪ বিজিপি সদস্যকে নিয়ে সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের ১৪ জন সদস্যকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘মিয়ানমারের ভেতরে ভয়াবহ গোলাগুলির কারণে তারা আত্মরক্ষার্থে বাংলাদেশে ঢুকেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাতে তারা এদের নিয়ে যান।’

রবিবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। আসাদুজ্জামান খান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। আমি আশাকরি, খুব শিগগির এদের পাঠিয়ে দেবো।’

মিয়ানমার সীমান্তে শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘কোনোভাবেই কেউ আমাদের সীমানায় অনুপ্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা খুব সতর্ক রয়েছি। যুদ্ধ কতদিন চলে আমরা জানি না। কিন্তু সীমান্ত পার হয়ে কাউকে আসতে দেবো না। বিজিবিকে আমরা সেই নির্দেশনাটাই দিয়েছি।’

বাংলাদেশের বান্দরবানের তমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলমান গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। গোলাগুলির ভয়াবহতা দেখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ জন বিজিপি সদস্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত