সৌদিতে জামালদের ক্যাম্প, বিশ্বকাপ বাছাইয়ের সূচীবদল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৬ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের পরের ম্যাচটা ২১ মার্চ হওয়ার কথা ছিল নিজেদের মাঠে। তবে এই সূচীতে পরিবর্তন এসেছে। হোম ম্যাচ নয়, একই দিনে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ খেলবে কুয়েতে। এরপর ২৬ মার্চ জাতীয় দলের অস্থায়ী হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় লাল-সবুজরা আতিথ্য দিবে ফিলিস্তিনকে। রবিবার জাতীয় দল কমিটির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমদে। মার্চে এই দুই ম্যাচের প্রস্তুতির লক্ষ্যে সৌদি আরবে ১৫ দিনের আবাসিক ক্যাম্প করার কথাও জানান তিনি।
২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। এরপর বিরতি দেওয়া হবে জাতীয় দলকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য। লিগের ক্লান্তি থেকে মুক্তি পেতে কয়েকদিন বিশ্রাম দেওয়া হবে জাতীয় দলের ফুটবলারদের। এরপর দল চলে যাবে সৌদি আরবের তায়েফে। সেখানে কিং ফাহাদ স্পোর্টস কমপ্লেক্সে বিনে পয়সায় আবাসন ও অনুশীলণ সুবিদা পাবে বাংলাদেশ। ১৫ মার্চ পর্য চলবে সেই ক্যাম্প। এরপর দল সরাসরি চলে যাবে কুয়েতে। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের সঙ্গে হবে ম্যাচ। ফিফা বাছাইয়ের সূচীতে এই পরিবর্তনটা হয়েছে মূলত ফিলিস্তিনের অনুরোধে। যুদ্ধ বিধ্বস্থ দেশ বলে নিজ দেশে খেলার সুযোগ নেই। তাই তারা কুয়েত সিটিকে করেছে অস্থায়ী হোম ভেন্যু। এ দিকটা নিশ্চিত করতেই তারা চেয়েছে আগে হোম ম্যাচটা খেলতে। তাতে সায় দিয়েছে বাংলাদেশ। ফিরতি ম্যাচটা যেহেতু ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসের দিন, সেহেতু কিংস অ্যারেনায় উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি থাকবে বলে বিশ্বাস বাফুফে কর্তাদের।
সৌদির সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্কের জেড়েই সেখানে বিনে পয়সায় অনুশীলন সুবিধা নিতে পারছে বাংলাদেশ। আর যেহেতু ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি কুয়েতে, তাই একই রকম কন্ডিশনে প্রস্তুতি নেওয়াটা বাংলাদেশের ইতিবাচক হবে বলে মনে করেন কাজী নাবিল, ‘মার্চে ফিলিস্তিনের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। এর জন্য সৌদি আরবে ক্যাম্প হবে। ফিলিস্তিন অনুরোধ করায় আগে কুয়েতে খেলা হবে। আমরাও সৌদি আরবে অনুশীলন করে সেখানে খেলতে যাবো। আমাদের জন্যও সুবিধা হয়েছে। আবহাওয়াসহ সব কিছুর সঙ্গে দল আগেই মানিয়ে নিতে পারবে।’সৌদিতে ক্যাম্প চলাবস্থায় একাধিক অনুশীলণ ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। নাবিল বলেন, 'সৌদি আরবকে অনুরোধ করেছি দুটো অনুশীলন ম্যাচ আয়োজনের জন্য। আশা করছি তারা তা দেবে।’
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও। বাফুফের দেশের বাইরে ক্যাম্প করার সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন এই স্প্যানিশ কোচ। একই সঙ্গে মার্চের দুই ম্যাচের স্কোয়াড নিয়েও একটা ধারণা দিয়েছেন তিনি। তার কথায় এবারের স্কোয়াডে থাকতে পারে একাধিক নতুন মুখ। ২৪ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করবেন কাবরেরা। চূড়ান্ত স্কোয়াড ২৩জনের। তবে তিনি ২৬ থেকে ২৮জন খেলোয়াড়কে পরখ করে দেখতে চাইছেন, ‘চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের হলেও আমরা প্রাথমিক স্কোয়াড ২৬-২৮ জনের করতে পারি। সংখ্যাটি এখনও ঠিক করিনি। নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তরুণদের মধ্যে থেকে হওয়ার সম্ভাবনাই বেশি।’নতুনদের ক্যাম্পে রাখার ব্যাখ্যায় কোচ বলেন, 'এই দুটি ম্যাচের বাইরেও আমাদের বছরে আরও অনেক খেলা থাকবে। সে জন্য অনেক খেলোয়াড় প্রয়োজন। এখনও লিগের তিন রাউন্ড খেলা বাকি। অনেক কিছুই ঘটতে পারে।’ 
বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুই ইউরোপ বংশদ্ভুত বাংলাদেশী জামাল ভুঁইয়া ও তারিক কাজী। এর বাইরেও বেশ ক'জন প্রবাসী খেলোয়াড়ের নাম উঠে আসছে নানা মাধ্যমে। তাদের জন্য দরজা সবসময় খোলা রাখার কথাই বলেছেন কাবরেরা। তবে চলতি বাছাইয়ে এরকম কাউকে দলে নেয়া ঝুকিতে যেতে চান না তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত