ফরিদপুর শহরের মুরারিদহ এলাকায় বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশেীদের সাথে কথাকাটাকাটির জের ধরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সোবহান মন্ডল মুরারিদহ গ্রামের মৃত মদন মন্ডলের ছেলে।
আজ সোমবার (০৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুরারিদহ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনদের মাধ্যমে জানা যায়, রবিবার বিকেলে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিষ্কারর করতে গেলে অপর প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের সাথে কথাকাটাকাটির ঘটনা ঘটে। ওই বাগানের জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মামলা-মোকদ্দমা থাকায় এসময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। ওই ঘটনার জের ধরে
আজ সোমবার বেলা ১১টার দিকে নিহত সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল বাজারে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। একপর্যায়ে বৃদ্ধকে কিলঘুসি মারে ও মারপিট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সাইফুল মন্ডল অভিযোগ করেন, তার বাবাকে পূর্বশত্রুতার জেরে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি তার।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানের পাতা পরিষ্কার ও জায়গাজমি নিয়ে মুরারিদহ এলাকায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমন সংবাদে হাসপাতালে লাশের সুরতহালসহ ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগসহ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
