বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক, বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পীর হাবিবুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে তার জন্মস্থান সুনামগঞ্জে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে খ্যাতিমান এই কলম সৈনিককে।
মৃত্যুবার্ষিকীতে শহরের হাছননগরের বাসায় কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে। শহরতলীর মাইজবাড়ি গ্রামে তার কবর জিয়ারত এবং বিভিন্ন মসজিদে আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৮ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৫৮ বছর বয়সে মারা যান সাংবাদিক পীর হাবিবুর রহমান। বোনম্যারো ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের জন্ম ১৯৬৪ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জ শহরের হাছননগরে।
