চলছে অমর একুশে বইমেলা। মেলার বাছাইকৃত বই এবং গুরুত্বপূর্ণ লেখকদের মেলার মাঠে ধারণকৃত সাক্ষাৎকার নিয়ে দেশ রূপান্তরে শুরু হচ্ছে সিটি ব্যাংক নিবেদিত 'মেলার মাঠে মুখোমুখি'। এই আয়োজন উপস্থাপনা করবেন দৈনিক দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং এবং দেশ রূপান্তরের সাহিত্য সাময়িকী ধ্রুপদি’র সম্পাদক কবি শিমুল সালাহ্উদ্দিন। আয়োজনে থাকবে মেলার বাছাই করা ৪২টি বইয়ের লেখকের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতা।
৯ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল সাড়ে ১০টা ও সন্ধা সাড়ে ৭টায় দেশ রূপান্তর ডিজিটালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে লেখকদের নিয়ে এই আয়োজন।
আয়োজনটি নিয়ে দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন বলেন, ‘এই আয়োজন দেখে আমাদের গুরুত্বপূর্ণ লেখক বুদ্ধিজীবীদের চিন্তা ও কাজ বুঝতে পারবেন দর্শকরা। একই সঙ্গে আমাদের পাঠাভ্যাস বাড়াতে, রুচি নির্মাণ করতে এমন আয়োজন ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। গত কয়েক বছরে এই আয়োজন বইমেলার সমার্থক হয়ে উঠেছে।'
কবি ও কথাসাহিত্যিক, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও মাসরুর আরেফিন এ আয়োজনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘"মেলার মাঠে মুখোমুখি" অনুষ্ঠানটি আমরা কয়েক বছর ধরেই স্পন্সর করে আসছি। মেলায় প্রকাশিত হাজারো বই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ বইয়ের লেখকরা আয়োজনটির মাধ্যমে পাঠকদের উদ্দেশ্যে তাদের কথা তুলে ধরবেন। আমি নিশ্চিত তরুণ প্রতিশ্রুতিশীল লেখকরাও এ তালিকায় থাকবেন। আমার আনন্দ এই যে, সিটি ব্যাংক শিল্পসাহিত্যের দারুণ একটা কাজের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকছে। শিমুলের ইন্টারভিউগুলো বেশ স্বতঃস্ফূর্ত হওয়ায় দর্শকদের মাঝে অনেকখানি জায়গা করে নিয়েছে। আগামী দিনেও শিল্প-সাহিত্যের ক্ষেত্রে এ ধরনের অবদান রাখতে পারলে আমরা আনন্দিত হবো।’
মেলার মাঠে মুখোমুখি নিয়ে সিটি ব্যাংকের হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স শাহরিয়ার জামিল খান বলেন, ‘বইমেলা আমাদের প্রাণের মেলা, সেই মেলার আসল কাজটি করেন লেখক-সাহিত্যিক-গবেষকরা, তারা লেখেন। কিন্তু তাদের না বলা কথাগুলো বের করে আনতে শিমুল ভাইয়ের তুলনা নাই। আমাদের সঙ্গে ইন্টারভিউ উইথ শিমুল সালাহ্উদ্দিনেও বড় বড় সাক্ষাৎকারে তিনি সেটি করেছেন, আমি নিশ্চিত এবারও দারুণ কিছু হবে। মেলার মাঠে মুখোমুখির জন্য আমাদের শুভকামনা সবসময় থাকবে।’
এই আয়োজনের জন্য লোগো করেছেন বিশিষ্ট শিল্পী সেলিম হোসেন সাজু। আয়োজনটি প্রযোজনা করছে জলেশ্বরী প্রোডাকশনস। আয়োজনের ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে কাজ করছেন সাইফুল ইসলাম। ভিডিও সম্পাদনা করছেন মোহাম্মদ আকাশ। পুরো আয়োজনের এক্সিকিউটিভ প্রডিউসার ও ডিরেক্টর হিসেবে কাজ করছেন মারজানা সাফাত। আয়োজনটি কবি শিমুল সালাহ্উদ্দিনের ফেসবুক পেইজ থেকেও প্রচারিত হবে। আয়োজনটিতে উপস্থাপকের পোশাক সৌজন্যে থাকছে দেশাল।
মেলার মাঠে মুখোমুখি’র ২০২৩ বইমেলার সবগুলো ভিডিও দেখা যাবে এখানে
