সংসদ অধিবেশন থাকায় আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
তপন কান্তি ঘোষ বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য মন্ত্রণালয় পরিদর্শনে আসার কথা থাকলেও সেটা বাতিল হয়েছে। সংসদ অধিবেশনসহ অন্যান্য কারণে তিনি এখন আসছেন না। পড়ে আসবেন। সেটা কবে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে চলমান প্রকল্প, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি, গত দেড় দশকে মন্ত্রণালয়ের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনাসহ সামগ্রিক বিষয় সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে তারা প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় সাজানো গোছানো হচ্ছে। দেখা গেছে, বাণিজ্য ভবনে নতুন করে রং করা হচ্ছে। যাওয়া আসার পথগুলোও পরিপাটি করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনাও জারি করা হয়েছিল। নির্দেশনায় বলা হয়েছিল, মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সকাল সাড়ে ৮টার মধ্যে সচিবালয়ে প্রবেশ করতে হবে। এছাড়াও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবদের গাড়ি সচিবালয়ের ভেতরে পার্কিংয়ে থাকবে। আর সচিববালয়ে কর্মরত অন্যান্য কর্মকর্তাদের সচিবালয়ের ভেতরে নামিয়ে দিয়ে গাড়িগুলো জাতীয় ঈদগাহ মাঠে পার্কিংয়ে রাখতে হবে।
বিমানের আন্তর্জাতিক রুটের টিকেটে ১৫ শতাংশ মূল্য ছাড়
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন পদক্ষেপ