এক আইনজীবীকে মারধরের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক কায়সার কামালসহ ১০ আইনজীবীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার তারা বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতে ১০ আইনজীবীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি ও সাইফুদ্দিন খালেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুদ্দিন খালেদ দেশ রূপান্তরকে বলেন, ১০ জন হাজির হয়ে জামিন চেয়েছিলেন। আদালত তাদের আগাম জামিন মঞ্জুর করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এ মামলা করেন অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থক নীল প্যানেল থেকে ২০১৮- ২০১৯ মেয়াদে সহসম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য।
মামলায় তিনি অভিযোগ করেন, গত ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সারা দেশে আদালত বর্জনের ডাক দেয় বিএনপিপন্থী আইনজীবীরা। এর মধ্যে ৩ জানুয়ারি একটি মামলার খবর নিতে সুপ্রিম কোর্টে যান। তিনি জানতে পারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি এর কারণ জানতে ও প্রতিবাদ করলে ফোরামের মহাসচিব কায়সার কামালের নির্দেশে তাকে মারধর করা হয়। তিনি চোখে গুরুতর আঘাত পান এবং তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
