গৃহকর্মীর মৃত্যু আশফাকুল ও তার স্ত্রী কারাগারে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ এএম

ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি ওড়ানের (১৫) মৃত্যুর ঘটনায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগে করা মামলায় গৃহকর্তা সাংবাদিক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন হাসিবুল হক উভয়পক্ষের শুনানি নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

গত মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে ওই ভবনের নয়তলার বারান্দার থাই গ্লাসের ফাঁক দিয়ে পড়ে যায় গৃহকর্মী প্রীতি ওড়ান। বারান্দায় আলাদা কোনো নিরাপত্তামূলক বেষ্টনী ছিল না।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সাব-ইন্সপেক্টর) নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

আশফাকুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন গৃহকর্মী প্রীতির বাবা লুকেশ ওড়ান। মামলায় দন্ডবিধির ৩০৪ (ক) ধারায় ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ৬ আগস্ট ভবনের ওই ফ্ল্যাট থেকে পড়ে আরেক শিশু গৃহকর্মী গুরুতর আহত হলে আশফাকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত