তথ্য প্রতিমন্ত্রী বললেন

গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে-করবে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫২ এএম

গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোথাও কোনোভাবে সমস্যা তৈরি হোক এটা সরকার চায় না এবং হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিটরস গিল্ড বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করছে এবং করবে। গণমাধ্যমের স্বাধীনতার জায়গায় কোথাও কোনোভাবে সমস্যা তৈরি হোক, এটা সরকার চায় না এবং হতে দেবে না। কিন্তু একই সঙ্গে গণতন্ত্র এবং উন্নয়নের অগ্রগতি-অগ্রযাত্রা অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকার বিশ্বাস করে, যারা যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি, জঙ্গি, উগ্রবাদী, তাদের একটা জায়গায় রেখে গণতন্ত্র কখনই সফল হয় না। এজন্য সরকারের অবস্থান উগ্রবাদের বিপক্ষে, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিপক্ষে, মৌলবাদের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বাইরে যারা তাদের বিপক্ষে, গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে। সে জায়গায় গণমাধ্যম, রাজনীতিবিদ, সরকার সবার মধ্যে ঐকমত্য আছে।

সরকার পরিচালনায় ভুল-ভ্রান্তি, বিচ্যুতি থাকলে সমালোচনা করার জন্য গণমাধ্যম সম্পাদকদের আহ্বান জানান প্রতিমন্ত্রী। সরকার এটিকে স্বাগত জানাবে বলেও জানান তিনি। পাশাপাশি সরকারের ভালো কাজগুলোর স্বীকৃতি দিয়ে গণমাধ্যমে তুলে ধরার আহ্বানও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত