নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হবে: হিলারি

  • হিলারি ক্লিনটন বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবর) হামলার ঘটনা ঘটেছে
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১১ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। এ ছাড়া নেতানিয়াহুর ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত বলেন তিনি।

বুধবার এমএসএনবিসি টিভি চ্যানেলে অ্যালেক্স ওয়াগনার টুনাইট’ শোতে এসব কথা বলেন হিলারি ক্লিনটন। খবর টাইমস অব ইসরায়েল।

শোতে হিলারি ক্লিনটন বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবর) হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে।

হিলারি বলেন, নেতানিয়াহুর উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া, তিনি যদি যুদ্ধবিরতিতে বাধা হয়ে থাকেন এবং পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রেও যদি তিনি বাধা হন, তাহলে অবশ্যই তাকে সরে যেতে হবে।

এসময় বাইডেনের পদক্ষেপ সম্পর্কে হিলারি বলেন, ৭ অক্টোবরের পর ইসরায়েলি জনগণের মিত্র হিসেবে ইসরায়েলের জন্য যা যা করার তা তিনি করেছেন। একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরায়েলের সঙ্গেই ছিলেন। আমি মনে করি এটাও স্পষ্ট যে বাইডেন নেতানিয়াহুকে প্রভাবিত করার জন্য তার যা কিছু করা সম্ভব সবই করছেন।

তবে যুদ্ধে ইসরায়েলের আচরণের পক্ষ নিয়ে হিলারি ক্লিনটন বলেন, হামাস এটি শুরু করেছে এবং যুদ্ধের আইন অনুসারে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার আছে।

তিনি যুদ্ধবিরতির পক্ষে রয়েছেন জানিয়ে বলেন, ‘আমরা চাই যুদ্ধবিরতি হোক। হামাস যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে যুদ্ধবিরতি হবে।”

এরআগেও ক্লিনটন ডিসেম্বরে নিউইয়র্কে জিম্মিদের পরিবারের সাথে বৈঠক করার সময় বলেছিলেন যে বন্দীদের মুক্তি নিশ্চিত করা শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত। সে সময় তিনি ইসরায়েলের বিপদের সময় নেতানিয়াহু তার রাজনৈতিক এবং ব্যক্তিগত বিষয়ে বেশি উদ্বিগ্ন বলে অভিযোগ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত