হোবার্টে আগামীকাল থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে অজিদের অধিনায়ক মিচেল মার্শ কভিড আক্রান্ত হওয়ায় তার খেলা নিয়ে জেগেছিল সংশয়। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে, কভিড পজিটিভ হওয়া সত্ত্বেও নিজেদের প্রটোকল মেনে ম্যাচ খেলবেন মার্শ। এমনকি নেতৃত্বও দেবেন।
কভিডের পরেও মার্শকে অধিনায়ক রাখার এই সিদ্ধান্ত আভাস দেয়, আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব সামলাতে যাচ্ছেন তিনি। উইন্ডিজদের পরে আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ম্যাথিউ ওয়েডসহ সবাই দলে থাকলেও নেতৃত্বের ভার দেওয়া হয়েছে মার্শকেই।
ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড প্রটোকল বজায় রেখেই খেলবেন মার্শ। তার জন্য আলাদা ড্রেসিংরুমের ব্যবস্থা করা হবে। এ ছাড়া মাঠে থাকাকালীন তার সতীর্থ খেলোয়াড় ও দলের সহকর্মীদের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।
কভিড নিয়ে খেলা অবশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন নয়। উইন্ডিজ সিরিজে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে কভিড পজিটিভ থেকেও খেলেছিলেন ক্যামেরন গ্রিন। সামাজিক দূরত্ব বজায় রেখে মাঠে নেমেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালীন করোনা আক্রান্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জশ ইংলিস ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন হওয়ায় এই ফরম্যাটের দল গড়ায় বেশ মনোযোগী ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেটের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড গড়ার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৬টি ম্যাচ এবং আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যানস বিবেচনায় আনা হবে।’
