নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম

নারায়ণগঞ্জে পোশাক কারখানার নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আশরাফুল আলম। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে। ঘটনার সময় তিনি সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত ওই পোশাক শ্রমিক তার স্বামীর সঙ্গে সিদ্বিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কাজ করতেন লিথি অ্যাপারেলস নামের একটি গার্মেন্টে। প্রতিদিন সকালে কারখানায় কাজে গেলেও ঘটনার দিন ২০১৮ সালের ২৫ নভেম্বর ঘরের ময়লা জামা কাপড় পরিষ্কার করার জন্য ওই দিন তিনি কাজে যাননি। দুপুরে তার স্বামী ও বড় ভাইয়ের স্ত্রী খাওয়ার জন্য এসে দেখেন ঘরের দরজা খোলা এবং খাটের ওপর ওই নারীর নগ্ন মরদেহ পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এঘটনায় নিহতের বড়ভাই মশিউর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তদন্তে বেরিয়ে আসে, মৃত নারীর প্রতিবেশী আশরাফুল আলম ওই দিন ঘরে প্রবেশ করে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে হত্যা করেন। এ মামলার একমাত্র আসামি আশফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের রায়ে আসামি আশরাফুলকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত