সুপার লিগের বিরুদ্ধে স্পেন বাদে ২৬ দেশের সমঝোতা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২১ পিএম

বিতর্কিত সুপার লিগ প্রকল্পের বিরোধিতা করে একটি যৌথ ঘোষণায় সই করেছে ইউরোপের ২৬টি দেশ। তবে এর মধ্যে নেই স্পেন। সুপার লিগ প্রকল্প এগিয়ে নিতে যে দুটি ক্লাব এখনো অনড়, ক্লাব দুটি স্পেনের রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এএফপি জানিয়েছে, প্যারিসে উয়েফা কংগ্রেস সামনে রেখে উন্মুক্ত প্রতিযোগিতার প্রতি গুরুত্বারোপ করে একটি চিঠিতে সই করেছেন ইউরোপীয় দেশগুলোর ক্রীড়ামন্ত্রীরা। ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে সুপার লিগের নাম না নিলেও মূলত এর বিরোধিতারই উদ্যোগ এটি।

সুপার লিগের আয়োজকেরা বছরখানেকের মধ্যে প্রতিযোগিতাটি চালু করার কথা ভাবছেন। এমন সময়ই হলো এই সমঝোতা।

গত ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস রায় দেয়, সুপার লিগ বন্ধে ফিফা ও উয়েফা যেসব পদক্ষেপ নিয়েছে, তা বেআইনি।

২০২১ সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব সুপার লিগের ঘোষণা দিয়েছিল, যা উয়েফা এবং কয়েকটি দেশের সরকারের বিরোধিতার মুখে পড়ে। সমর্থকরাও করেছিল বিক্ষোভ। ফলে পরিকল্পনা প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে ১২ ক্লাবের ৯টি সরে যাওয়ার ঘোষণা দেয়। বার্সা, রিয়ালের সঙ্গে অনড় ছিল জুভেন্তাসও। তবে পরে চুপ হয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত