প্রখ্যাত ক্রিকেট লেখক পিটার রোবাক অকালপ্রয়াত। সাউদার্ন সান হোটেলের ছয়তলা থেকে পড়ে গিয়ে মারা যান ২০১১ সালে। রোবাকের সেই মৃত্যুর ১৩ বছর পর গতকাল ইংল্যান্ডের উত্তরাঞ্চলে চেশায়ারে করোর্নেস আদালতে অনুসন্ধানী জুরিরা জানিয়েছেন, ৫৫ বছর বয়সী রোবাক আত্মহত্যা করেছিলেন।
হোটেলের জানালা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেন সিডনি মর্নিং হেরাল্ডের এই কলামিস্ট।
২০১১ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ধারাভাষ্য দেওয়ার জন্য কেপটাউনে অবস্থান করছিলেন। করোনের্স আদালতে শুনানিতে বলা হয়, সে বছরের ৭ নভেম্বরে নিজের হোটেল কক্ষে ২৬ বছর বয়সী এক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিলে রোবাকের বিরুদ্ধে। ১২ নভেম্বর রোবাকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। সেদিন সন্ধ্যায় রোবাককে গ্রেপ্তার করতে তার হোটেলে যান পুলিশ কর্মকর্তারা।
রোবাককে গ্রেপ্তার করতে যাওয়া গোয়েন্দা অব্রে ম্যাকডোনাল্ড জানান, সেদিন একটি ফোন করতে তিনি রোবাকের হোটেল কক্ষের বাইরে যান। এ সময় তিনি শুনতে পান সহকর্মী লেফটেন্যান্ট সেসিল জ্যাকবস রোবাককে কিছু একটা বলছেন। এরপর ম্যাকডোনাল্ড বলেন, ‘কয়েক সেকেন্ড পর আমি একটি শব্দ শুনতে পাই, যেটা এখন আমি জানি পিটার রোবাকের প্রথম তলার ব্যালকনিতে পড়ে যাওয়ার শব্দ।’
দক্ষিণ আফ্রিকার তিনজন কিশোর ক্রিকেটারকে বেত দিয়ে পিটিয়েছেন এমন অভিযোগে ২০০১ সালে ইংল্যান্ডে স্থগিত কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বোরাককে।
শুক্রবার চেশায়ারের আদালতে মার্গারেট ফ্রসটিকসহ রোবাকের আরও দুজন আত্মীয় উপস্থিত ছিলেন। রোবাকের মৃত্যুর কারণ অনুসন্ধানের দায়িত্ব পাওয়া করোনের (তদন্তের দায়িত্ব পাওয়া পাবলিক অফিশিয়াল) জ্যাকুলিন ডেভনিশ আদালতে বলেছেন, ‘এত দিন দেরি হওয়ার জন্য দুঃখিত। তবে দক্ষিণ আফ্রিকায় নতুন করে শুনানির অপেক্ষায় ছিলাম আমরা, যেটি আর হয়নি।’
রোবাক ৩৩৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৭.২৭ গড়ে ১৭৫৫৮ রান করেছেন। ৩৩টি শতক এবং ৯৩টি অর্ধশতক।
