'ভিনিসিউস বিশ্বসেরা খেলোয়াড়, বেলিংহ্যাম দ্বিতীয়, রদ্রিগো তৃতীয়'

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০০ পিএম

শনিবার জিরোনাকে ৪-০ গোলে হারানোর ম্যাচের ৬ মিনিটে ভিনিসিউস জুনিয়র এগিয়ে দেন রিয়াল মাদ্রিদকে। পরে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর গোলে সহায়তাও করেন তিনি। ম্যাচ শেষে ভিনিকে দারুণভাবে প্রশংসায় ভাসিয়েছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন তার দৃষ্টিতে ভিনিসিউস এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়। শুধু তা–ই নয়, এই মুহূর্তে বিশ্বের সেরা ৬ জন ফুটবলারই রিয়ালে খেলেন বলেও মন্তব্য করেছেন আনচেলত্তি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে কিলিয়ান এমবাপ্পের রিয়ালে নাম লেখানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে আনচেলত্তি বলেছেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন, যে অন্য দলে খেলে। কিন্তু আমাদের দলে এরই মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’ এ সময় ভিনিকে সময়ের সেরা খেলোয়াড় উল্লেখ করে ইতালিয়ান এই কোচ বলেন, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে, তখন সে বিশ্বসেরা। এটা আমার ব্যক্তিগত অভিমত।’

ভিনিসিউস ছাড়া বাকি সেরা কারা, জানতে চাইলে আনচেলত্তি দুই থেকে ছয় নম্বর সেরা খেলোয়াড়ের নাম তুলে ধরেন এভাবে, ‘বেলিংহ্যাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো। এরপর আসবে ক্রুস, ভালভার্দে ও কামাভিঙ্গা।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত