নোবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩২ পিএম

১১ দফা দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটক ও শিক্ষকদের ক্যান্টিনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও তালা দেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের কেউই ক্যাম্পাসে না থাকায় প্রক্টর অধ্যাপক মো. আনিসুজ্জামান শিক্ষক নেতাদের নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নানা সমস্যা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরই সময় ক্ষেপণ করছেন। তাই আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি।

শিক্ষার্থীদের ১১ দফা দাবিগুলো হলো- নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে ও শিক্ষার্থীদের মিনিবাস ব্যবহারের সুযোগ দিতে হবে। আগামীতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকল নিয়োগের ক্ষেত্রে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে এবং কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিজিপিএ শিথিল করতে হবে। নিরাপদ খাবারের ব্যবস্থা করার পাশাপাশি খাবারের দামের সঙ্গে মানের সমন্বয় করতে হবে। নয়তো টিচার্স ক্যান্টিনে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে হবে। প্রত্যেক আবাসিক হল এবং কেন্দ্রীয় ক্যাফেটোরিয়ার ভর্তুকি দিতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। 

প্রক্টর অধ্যাপক মো. আনিছুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, শিক্ষার্থীরা যে ১১ দফা করেছে তা ফরমালি আমরা পাইনি। তবুও যেটা পেয়েছি সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ উপাচার্য ও ট্রেজারার সঙ্গে আলোচনা করা হবে।  

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি শুনেছি। ছাত্রদের দাবি থাকবেই। আমরা আমাদের সামর্থের মধ্যে যা আছে তার সবই করবো। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত