প্রবাসী ও শিক্ষকের বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩৪ এএম

গাজীপুরের শ্রীপুরে এক প্রবাসী ও এক কলেজ শিক্ষকের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ টেপিরবাড়ি গ্রামে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একদল তরুণ মোটরসাইকেল মহড়া দিয়ে ওই দুই বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ওই ঘটনার পাঁচ দিনের মাথায় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর পুলিশ ও র‌্যাব-১। র‌্যাব-১ এক আসামিকে এবং পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার দুপুরে পুলিশ ও র‌্যাব এসব তথ্য নিশ্চিত করে। র‌্যাব-১-এর হাতে গ্রেপ্তার আসামির নাম সাব্বির হোসেন। তিনি টেপিরবাড়ি সবুজ মিয়ার ছেলে। গত শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে জয়দেবপুর থানার বানিয়ারচালা আমতলী মোড়ের মা-বাবার দোয়া হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১-এর সদস্যরা। পরে সাব্বিরকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

এদিকে একই রাতে শ্রীপুর থানা পুলিশের একটি দল মাওনা ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেনÑ ভবানীপুর গ্রামের সাগর আহম্মেদ , একই গ্রামের হৃদয় সরকার, ইন্দ্রপুর গ্রামের সোহেল রানা, একই গ্রামের ফরহাদ আহম্মেদ ও শাকিল আহম্মেদ। ওই গুলিবর্ষণের ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি স্থানীয় ব্যবসায়ী মামুন ফকির আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় আরও অজ্ঞাত বেশ কিছু আসামি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত