মইনের হ্যাটট্রিক, জ্যাকের সেঞ্চুরি, কুমিল্লার বিশাল জয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২৫ পিএম

এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন শরিফুল ইসলাম। এবার কুমিল্লার ইংলিশ তারকা অলরাউন্ডার মইন আলি চলতি আসরে তার প্রথম ম্যাচ খেলতে নেমেই তুলে নিলেন হ্যাটট্রিক। বিপিএল ইতিহাসে অষ্টম হ্যাটট্রিক উপহার দিলেন তিনি। তাতে চট্টগ্রামকে ১৬৬ রানে গুটিয়ে ৭৩ রানের বিশাল জয় পেয়েছে কুমিল্লা।

১৭তম ওভারে মইন একে একে ফেরান শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে। তার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রেকর্ড করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লা তুলেছে ৩ উইকেটে ২৩৯ রান। সেঞ্চুরি করেন উইল জ্যাকস। এবারের আসরের সর্বোচ্চ তো বটেই বিপিএল ইতিহাসে যৌথ সর্বোচ্চ সংগ্রহ এটি।

রেকর্ড গড়া রান তাড়ার লক্ষ্যে প্রথম উইকেটে ৮০ রানের ঝড়ো জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। ১০ রানের ব্যবধানে এ দুজন ফিরে গেলে ধ্বস শুরু হয় চট্টগ্রাম ইনিংসে। ২৪ বলে ৪১ রান করেন তানজিদ। জশ ব্রাউন করেন ২৩ বলে ৩৬। এরপর সৈকত আলি ১১ বলে ৩৬ রানের ইনিংস উপহার দিলেও আর কেউ সেভাবে দাঁড়াতে পারেননি।

বা বলতে হয় লেগি রিশাদ ও মইন আলি দাঁড়াতে দেননি। দুজন মিলে ফিরিয়েছেন চট্টগ্রামের ৮ ব্যাটারকে। বাকি দুই উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

বিপিএলের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ার দিন উদ্বোধনী জুটিতে জ্যাকস ও লিটন তোলেন ৮৬ রান। ৯ চার ও ৩ ছক্কায় ৬০ রান করে লিটন ফিরলে জুটি ভাঙে। পাওয়ার প্লেতে কুমিল্লা তোলে বিনা উইকেটে ৬০ রান। ইনিংসের পঞ্চম ওভারে আল আমিনের করা ৬ বলে জ্যাকস ও লিটন মিলে করেন ২৭ রান। যা এবারের বিপিএলে সবচেয়ে খরুচে ওভার।

লিটনকে ফেরানো শহিদুল পরের বলেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়কে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন। এরপর সৈকত আলীও ১০ রান করে ফেরেন। পরের গল্পটা জ্যাকস-মইনের। চতুর্থ উইকেটে অবিচ্ছেদ্য ১২৮ রানের জুটি গড়েন তারা।

এবারের বিপিএলে নিজের প্রথম দুই ইনিংসে ২২ ও ৯ রান করেছিলেন জ্যাকস। তৃতীয় ম্যাচে এসে জ্যাকস পেলেন সেঞ্চুরি। ৫০ বলে কিন অঙ্ক ছোঁয়ার পর ৫৩ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেললেন। তার ইনিংসে ছিল ৫ চার ও ১০ ছক্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগে জ্যাকসের সেঞ্চুরি ছিল দুটি। যার একটি এ বছরই। এসএ২০-তে গত জানুয়ারিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ৪১ বলে। অন্যটি ২০২২ সালে, দ্য হান্ড্রেডে। এ ম্যাচে হয়েছেন ম্যাচসেরাও।

মইন আলি অপরাজিত ছিলেন ২৪ বলে ৫৩ রান করে। মইনের ইনিংসে ছিল ২ চার ও ৫ ছক্কা। বিপিএলে এর আগের সর্বোচ্চ সংগ্রহটি ২০১৯ সালে। রংপুর রাইডার্স করেছিল ২৩৯/৪। সেটিও এই ভেন্যুতেই। চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত