সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪- ২০২৫ মেয়াদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর। সম্পাদক পদে লড়বেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এছাড়া কার্যনির্বাহী কমিটির আরও ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাস ভবনে সরকারপন্থী আইনজীবীদের বৈঠক শেষে এ প্যানেল ঘোষণা করা হয়।
মনোনয়ন বোর্ডের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট বার নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদে আগামী ৬ ও ৭ মার্চ দুই দিন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত রবিবার সুপ্রিম কোর্ট বারের এ সংক্রান্ত একটি নোটিশে বলা হয়, ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
