পলিথিন খেয়ে মরছে সুন্দরবনের শুশুক ইরাবতী ডলফিন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৩ এএম

প্লাস্টিক সুন্দরবনের জলজ সম্পদের বেশি ক্ষতি করছে। শুশুক, ইরাবতী ডলফিন, কচ্ছপ এবং হাঙর পলিথিন খেয়ে ফেলছে। এতে পরিপাকতন্ত্রে জটিলতা সৃষ্টি হয়ে তারা মারা যাচ্ছে। গতকাল বুধবার সুন্দরবন দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, প্লাস্টিক ও পলিথিন কোনো অবস্থাতেই নষ্ট হয় না। এটি ভেঙে গিয়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র আকারে মাইক্রো প্লাস্টিক এবং ন্যানো প্লাস্টিক হিসেবে প্রকৃতির ব্যাপক ক্ষতিসাধন করে। সুন্দরবনাঞ্চলে এই পলিথিন এবং প্লাস্টিক সুন্দরবনের ম্যানগ্রোভের ঘনত্ব এবং উচ্চতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি জানান, ২০০৬ সালে বনের নদীতে ৪৫১টি ইরাবতী ডলফিন ও ২২৫টি শুশুক ছিল। ২০১৯ সালে কমে দাঁড়ায় ইরাবতী ডলফিন ১১৩টি ও শুশুক ১১৮টি। ২০০৪ সালে চিত্রা হরিণ ছিল ৮৩ হাজার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৪টিতে। তবে আশির দশকে মায়া হরিণ ছিল ২ হাজার ২৬৫টি, ২০২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৬৮৭টিতে। এ ছাড়া ২০১৮ সালের শুমারি অনুযায়ী বাংলাদেশ অংশে বাঘ ছিল ১১৪টি। গত বছর ১ জানুয়ারি আবারও বাঘশুমারি শুরু হয়, যা শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে বাঘ বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত