২০ ওভারে বিনা উইকেটে ২৫৮ রান! তাও আবার কোনো পাড়ামহল্লার ক্রিকেটে নয় আন্তর্জাতিক ম্যাচে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ২০ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারানোর ঘটনা দেখা গেল দ্বিতীয়বার।
স্বাগতিক হংকং, জাপান ও চীনকে নিয়ে চলছে ইস্ট এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টেই আজ চীনের বিপক্ষে উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন ২৫৮ রান তুলেছেন জাপানের লাচলান ইমামোতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং। এই টুর্নামেন্টের ম্যাচ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আগের সর্বোচ্চ ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই ও উসমান গনির। দেরাদুনে ২০১৯ সালে উদ্বোধনী জুটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের জুটি গড়েছিলেন তারা।
মিশন রোড গ্রাউন্ডে আজ বিশ্ব রেকর্ড গড়ার পথে লাকে ও ফ্লেমিং দুজনই করেছেন সেঞ্চুরি। ২১ বছর বয়সী লাকে ৮ চার, ১২ ছক্কায় ৬৮ বলে ১৩৪ এবং ২৮ বছর বয়সী ফ্লেমিং ৩ চার, ১১ ছক্কায় ৫৩ বলে ১০৯ রানে অপরাজিত ছিলেন। দুজনকেই দেওয়া হয় ম্যাচসেরার পুরস্কার।
আজকের ২৫৮ রান টি-টোয়েন্টিতে জাপানের দলীয় সর্বোচ্চ। তাদের আগের সর্বোচ্চ ছিল ২১৮ রান, ২০২২ সালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
জবাব দিতে নেমে ১৬.৫ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছে চীন, হেরেছে ১৮০ রানে। আন্তর্জাতিক ক্রিকেটে জাপানের সবচেয়ে বড় জয়ও এটি।
লাকে-ফ্লেমিংয়ের দারুণ জুটির ফলে আন্তর্জাতিক টি–টোয়েন্টির এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়েছে জাপান। লাকে ও ফ্লেমিং মিলে ছক্কা মেরেছেন ২৩টি। গেল বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৬টি ছক্কা।
