রাশিয়ায় বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে পুতিনের দিকেই সন্দেহের তীর ছুড়ছেন পশ্চিমা নেতারা।
নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউস থেকে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন বাইডেন।
তিনি বলেন, ‘নাভালনি সাহসিকতার সাথে পুতিন শাসন ও সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যার জন্য তাকে বন্দী করা হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল, এবং এর কোন কিছুই তাকে বাধা দিতে পারেনি’।
এ সময় পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ন্যাটো মিত্রদের মধ্যে "বৃহত্তর ঐক্যের" সময় এসেছে বলেও জানান বাইডেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলেক্সি নাভালনির মৃত্যুতে শোক প্রকাশ করে তাকে নির্ভীক সৈন্য বলে মন্তব্য করেছেন। ওবামা আরও বলেন, "নাভালনি রাশিয়ার জন্য একটি উন্নত ভবিষ্যতের স্বপ্নের অদম্য প্রতিরক্ষায় মারা গিয়েছেন‘।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো "মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের জন্য" ক্রেমলিন এই সমালোচকের সাহসের" প্রশংসা করে বলেন তার মৃত্যু একটি "ট্র্যাজেডি"।
অন্যদিকে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে নাভালনির মৃত্যুতে "মর্মাহত" বলে জানান। তিনি বলেন, ‘নাভালনির মৃত্যু রাশিয়ান শাসকের নজিরবিহীন বর্বরতা’।
এদিকে অ্যালেক্সি নাভালনির মৃত্যুর বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া নাভালনির পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন গুতেরেস।
শুক্রবার, যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন জার্মানিতে অনুষ্ঠিত বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে নাভালনির মৃত্যুর বিষয়টি তুলে ধরে বলেন, "এর পরিণতি হওয়া উচিত"।
নাভালনির স্ত্রীর সন্দেহ
রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর সংবাদের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। তবে এ সংবাদ সত্য হলে পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নাভালনির মৃত্যুর খবর জেনেছেন পুতিন, ব্লিঙ্কেন বললেন ‘রাশিয়া দায়ী’
শেষ দেখায় নাভালনি সুস্থ ছিল, দাবি মায়ের