পটুয়াখালীর দুমকিতে চোরাই ছাগলসহ আটক হওয়া দুই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাদরাসা ব্রিজ এলাকা থেকে চোরাই ছাগলসহ জহির (১৮) ও অটোচালক সজিব গাজী (২৫) নামের দুই যুবককে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। তাদের বাড়ি সদর থানার তেলিখালী এলাকায়। তবে থানা পুলিশ আটকের ঘটনা স্বীকার করতে নারাজ।
প্রত্যক্ষদর্শী ও ভাইরাল হওয়া ভিডিও সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাদরাসা ব্রিজ এলাকা থেকে শ্রীরামপুর ইউপি সদস্য নাসির উদ্দিন মৃধা, আঙ্গারিয়া ইউপি সদস্য মিজানুর রহমান সর্দার ও আঙ্গারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর হাওলাদারসহ অনেকে চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করে। পরে থানায় খবর দেওয়া হলে দুমকি থানার এসআই রাজিব ও তার সঙ্গীয় ফোর্স তাদের আটক করে। এ ঘটনা স্থানীয় কয়েকজন যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। পরে জানা গেছে, পুলিশ আটক দুই যুবককে ছেড়ে দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
আঙ্গারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর হাওলাদার বলেন, দুই ইউপি সদস্যসহ প্রায় দুই শতাধিক মানুষ হাতে নাতে চোরাই ছাগলসহ তাদের পুলিশে দেয়। পরে অনৈতিক লেনদেন করে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। পুলিশের এমন কর্মকাণ্ডে আমরা হতাশ।
এ বিষয়ে জানতে দুমকি থানার এসআই রাজিবের মোবাইল নম্বরে ফোন করলে সাংবাদিক পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ফোন কেটে দেন। পরে আরও কয়েক বার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
দুমকি থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, এমন ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এসআই রাজিবকে জিজ্ঞেস করতে পারেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে ঘটনার প্রকৃত সত্য জানতে শনিবার বিকেলে সহকারী পুলিশ সুপার (দুমকি বাউফল সার্কেল) মো. সাদ্দাম হোসেন মাদরাসা ব্রিজ এলাকা পরিদর্শন করেছেন।
লোকসানের শঙ্কায় বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি
দিনে শ্রমিক, রাতে ছিনতাই