আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৈশ্বিক পরিবর্তিত সমাজ ব্যবস্থায় অপরাধ ও অপরাধীদের কার্যক্রমে বহুমাত্রিকতা সংযোজিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ শনিবার পুলিশ স্টাফ কলেজে 'মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনাল অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট' শীর্ষক মাস্টার্স প্রোগ্রামের ৮ম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোর্স উদ্বোধনের আগে তিনি পুলিশ স্টাফ কলেজের নবনির্মিত সাইবার ল্যাবের উদ্বোধন করেন এবং পরে আন্তর্জাতিক পুলিশ গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি এ ধরনের অপরাধ মোকাবিলায় পুলিশের সদস্যদের অপরাধবিষয়ক উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
আইজিপি বলেন, মাঠ পর্যায়ে যেসব অপরাধ সংঘটিত হতো এখন সেটি ছাড়াও তথ্য প্রযুক্তির ও যোগাযোগের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় প্রচলিত অপরাধের ধরন যেমন পরিবর্তন হয়েছে, তেমনি ডিজিটালাইজড পদ্ধতির অপরাধ সংযোজিত হয়েছে। বাংলাদেশ পুলিশ উচ্চতর শিক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সেসব অপরাধ মোকাবিলায় নিরলস কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বৈশ্বিক অপরাধের প্রভাবে বাংলাদেশেও সন্ত্রাস, জঙ্গিবাদ ও উগ্রবাদের মতো অপরাধ যুক্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ সফলতার সঙ্গে সব ধরনের দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বহুমাত্রিক অপরাধ মোকাবিলায় শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাসায় ফিরেছেন সুজাতা, তবে...
ফের ঢাকায় আসছেন ঋতুপর্ণা