‘সরকারের উন্নয়নের সুফল সারা দেশের মানুষ ভোগ করছে’ 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। মধ্যখানে স্বাধীনতাবিরোধী সরকার ক্ষমতায় আসায় উন্নয়ন থমকে গিয়েছিল। আওয়ামী লীগ সরকারের নেওয়া অনেকগুলো প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেগুলো শুরু করে। সরকারের উন্নয়নের সুফল এখন দেশের মানুষ ভোগ করছে।

আজ শনিবার সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের জন্য একজন সঠিক নেতা (আনোয়ারুজ্জামান চৌধুরী) খুঁজে এনেছেন। সিলেটের মানুষ মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করায় সিলেটে এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হবে। তার কাজ করার মানসিকতা রয়েছে। তিনি কাজ করতে পারবেন। সরকার সিলেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন।

এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান প্রমুখ।

শনিবার সকালে সিলেট পৌঁছে স্থানীয় সরকারমন্ত্রী নগরের সাগরদিঘিরপাড়ে ওয়াকওয়ে পরিদর্শন করেন। এরপর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিটি করপোরেশন কর্তৃক স্থাপিহত অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। এ ছাড়া তিনি সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত