বিএনপির নির্বাহী কমিটি, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, এ দেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা রেখে ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ডাকে সাড়া দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে না গিয়ে পরিবারকে সময় দিয়েছে।'
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজায় জিয়া পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ডামি নির্বাচন প্রত্যাখ্যান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল বলেন, বিএনপির আন্দোলনে কোনো প্রকার সহিংসতা না থাকা সত্ত্বেও মহাসচিব মির্জা ফখরুলসহ হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে ফ্যাসিবাদী সরকার। জেল-জুলুম করে আন্দোলন থামানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই ডামি নির্বাচনে পরাজিত সরকার বিদায় নেবে। দেশের জনগণ ও গনতান্ত্রিক সকল দল বিএনপির সঙ্গে আছে৷ বিদেশের মাটিতেও জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধ হতে হবে৷
সভায় প্রধান বক্তা আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বলেন, সময় এসেছে বন্ধু ও শত্রু চেনার। যারা পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ছে, যারা সীমান্তে আমাদের মানুষ মারে, যারা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পছন্দের দলকে ক্ষমতায় বসায় সেই প্রতিবেশী দেশই আমাদের আসল শত্রু। ঐক্যবদ্ধ হয়ে এই শত্রু দেশের আগ্রাসন রোধ করতে হবে। আমাদের প্রধান কাজই হওয়া উচিত ষড়যন্ত্র রুখে দেওয়া।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ আমিরাত শাখার আহ্বায়ক মুস্তাফা মাহমুদ। সদস্য সচিব এস এম মোদাচ্ছের শাহ'র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আমিরাত বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, জিয়া পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান। ইউএই সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনাম। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
