বগুড়ার আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের শিবপুরে দাঁড়িয়ে থাকা ট্রলির পিছনে ধাক্কা দেয় সিএনজি। এতে আসমা বিবি (৫৬) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। আহত হন তার ছেলে ও সিএনজি চালক। নিহত আসমা বিবি বগুড়ার গাবতলী উপজেলার কাকইল গ্রামের টুকু মিয়ার স্ত্রী।
আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় আসমা বিবি ও তার ছেলে রাজু আহম্মেদ নওগাঁর রানীনগর থেকে সিএনজি যোগে বগুড়ায় যাচ্ছিলেন। এ সময় আদমদীঘির শিবপুর নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাক বহনের ট্রলির পেছনে ধাক্কা দেয় সিএনজিটি। এতে সিএনজিতে থাকা তিন আরোহীই আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আসমা বিবিকে মৃত ঘোষণা করেন। অবস্থা গুরুতর হওয়ায় সিএনজি চালক মিঠুন হোসেন ও যাত্রী রাজু আহম্মেদকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসমা বিবির মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
