গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবেল (২৭) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা তার অটোরিকশা এবং মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লাকপুর গ্রামে। বাবা মৃত শাহেদ আলী। রুবেল স্ত্রী ও এক মেয়েসহ পরিবারসহ গাজীপুর টঙ্গী চেরাগআলী এলাকায় থাকেন। সেখানে অটোরিকশা চালান।
নিহত রুবেলের আত্মীয় অটোরিকশা মালিক মো. মঞ্জুরুল ইসলাম জানান, রোববার বিকেল চারটার দিকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন রুবেল। এরপর রাত দশটার দিকে তাকে ফোন দিলে ফোন বন্ধ পান মঞ্জুরুল। পরবর্তীতে আজ সোমবার সকালে তিনি নিজে ধীরাশ্রম বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে লোকজনের জটলা দেখতে পান। এগিয়ে গেলে দেখেন রুবেল সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
সঙ্গে সঙ্গে তিনি রুবেলকে উদ্ধার করে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে স্বজনরা মিলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে আনার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঞ্জুরুল অভিযোগ করেন, তার অটোরিকশাটি পাওয়া যায়নি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটিও তার সঙ্গে নেই। তাদের ধারণা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ও রিকশা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে গেছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি জয়দেবপুর থানা পুলিশকে জানানো হয়েছে। রুবেলের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
