ফুটবল ইতিহাস ব্রেমাকে মনে রাখবে ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের জন্য। আর্জেন্টিনা-পশ্চিম জার্মানি ম্যাচটি গোলশূন্য অবস্থায় গড়াচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রেমার গোল জার্মানিকে এনে দিয়েছিল তৃতীয় বিশ্বকাপ আর কাঁদিয়েছিল ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে। জার্মানির তৃতীয় বিশ্বকাপ জয়ের সেই গল্প স্মরণ করার কারণ ব্রেমা। ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন জার্মানির সাবেক এই ডিফেন্ডার।
পশ্চিম জার্মানি ও জার্মানির হয়ে ৮৬ ম্যাচ খেলেছেন ব্রেমা। ৮৬ ম্যাচে তার গোল আটটি। তিনটি ১৯৯০ বিশ্বকাপে। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বায়ার্ন মিউনিখ, ইন্তার মিলানের মতো দলে। জার্মানির শীর্ষ লিগে ৩০১ ম্যাচ খেলে ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন। ব্রেমার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ, 'আন্দ্রেয়াস ব্রেমার হঠাৎ মৃত্যুতে বায়ার্ন মিউনিখ গভীরভাবে শোকাহত। বিশেষ মানুষ এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আন্দ্রেয়াস ব্রেমা সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।'
ফুটবল ইতিহাসের সেরা লেফটব্যাকদের একজন ধরা হয় ব্রেমাকে। জার্মান পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মিউনিখে নিজের বাসস্থানের নিকটবর্তী একটি ক্লিনিকে নেওয়া হয়েছিল ব্রেমাকে। কিন্তু বাঁচানো যায়নি তাকে।
মূলত ডিফেন্ডার হলেও তিনি খেলতে পারেন মাঠের বিভিন্ন জায়গায়। পরিচিত ছিলেন নিখুঁত ক্রস, স্পট কিক ও ফ্রি কিকে ঠাণ্ডা মাথার বুলেট গতির শটের জন্য।
অবসরের পর কোচিং ক্যারিয়ারেও নাম লিখিয়েছিলেন ব্রেমা। তবে ডাগআউটে সময়টা তেমন ভালো কাটেনি তার।
