বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরকারের আন্তরিকতা নিয়ে এবি পার্টির প্রশ্ন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির নেতারা। তারা বলেছেন, রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে যেভাবে এদেশের মানুষ ফুঁসে উঠেছিল, জীবন দিয়ে অধিকার আদায় করেছিল সেই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে আজও ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

এ সময় এবি পার্টির নেতারা বাংলা ভাষার প্রকৃত মর্যাদা রক্ষায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বাংলা একাডেমির দলীয়করণ ও বিতর্কিত ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

আলোচনাসভায় বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে এবি পার্টির শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

তাজুল ইসলাম বলেন, বাংলা একাডেমি একটা বইমেলার আয়োজন করে মাসব্যাপী সেখানে কতটুকু বাংলা চর্চা হচ্ছে তা আজ প্রশ্নবিদ্ধ। সেখানে ভিন্নমতের বা সরকার বিরোধী মতের লেখক বা বই মেলায় স্থান পায় না। আমরা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গভীর দুঃখের সাথে বলতে চাই, যে লক্ষ্য নিয়ে তারা জীবন দিয়েছিলেন আজ বাহাত্তর বছর পর এসেও তা বাস্তব রূপ পায়নি। দেশের জ্ঞান চর্চার স্বার্থে যে সমস্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল তা হয়নি। সেই লক্ষ্য পূরণেই এবি পার্টি এমন একটি রাষ্ট্র বিনির্মান করতে চায় যেখানে বাংলায় জ্ঞান-বিজ্ঞান চর্চায় কোন বাধা থাকবে না।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, মাতৃভাষার রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য যে আন্দোলন হলো, আমাদের ভাইয়েরা জীবন দিল, অথচ ভারত উপমহাদেশে থেকে প্রায় আড়াই শ ভাষা হারিয়ে গেছে। শুধু মাত্র একটি দিনকে উদযাপন বা শহীদ মিনারে লৌকিক ফুল দিয়েই ভাষার মর্যাদা রক্ষা পাবে না।

সভায় আরো উপস্থিত ছিলেন যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর দক্ষিণের যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব আব্দুর রব জামিল, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য রুনা হোসাইনসহ সহ-কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত