২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এ সেরা ফার্নিচার পণ্য ক্যাটাগরিতে দেশের স্বনামধন্য ফার্নিচার ব্র্যান্ড হাতিল প্রথম স্থান অধিকার করেছে। গত ২১ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশিন সেন্টারে শুরু হওয়া এই মেলায় হাতিলসহ দেশের শীর্ষস্থানীয় অনেক ফার্নিচার ব্র্যান্ড অংশগ্রহণ করে।
প্রতিবছরই আয়োজিত এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ও মেলা কর্তৃপক্ষের সম্মিলিত প্রয়াসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২০ ফেব্রুয়ারি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশিন সেন্টারের মাল্টিপারপাজ হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান।
অনুষ্ঠানে হাতিলের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন হাতিলের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সেলিম এইচ রহমান।
অনুষ্ঠানে সেলিম এইচ রহমান বলেন, ১ম স্থান অধিকার করতে পারায় আমরা সবাই খুশি। তবে এই ধরনের সম্মাননা হাতিলের জন্য প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই এই ধারাবাহিকতা ধরে রেখেছে হাতিল এবং ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। প্রতিনিয়তই মানুষের চাহিদা, রুচিবোধ এর পরিবর্তন হচ্ছে এবং দেশীয় ও আন্তর্জাতিক ফার্নিচার সেক্টরেও এই পরিবর্তন বেশ লক্ষণীয়। আমরা ক্রেতার চাহিদাকে সবসময়ই যথাযথ গুরুত্ব দিয়ে ফার্নিচার প্রস্তুত করে থাকি। তাছাড়া ফার্নিচার ডিজাইনে নতুনত্ব, মিনিমালিজম এবং বেস্ট কাস্টমার সার্ভিস এর কারণেই মানুষ হাতিলকে রাখে তাদের পছন্দের তালিকার শীর্ষে।
বর্তমানে দেশে হাতিলের ৭৮টি শোরুম রয়েছে। দেশীয় বাজারের পাশাপাশি হাতিল দেশের বাইরেও দৃঢ অবস্থান তৈরিতে কাজ করছে। এখন পর্যন্ত হাতিল আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব ও আরব আমিরাতে ফার্নিচার রপ্তানি করেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাতিলের ১৭টি শোরুম এবং ভুটানে ২টি শোরুম রয়েছে।
