কিছুদিন আগেই বিপিএল-এ দারুণ সময় কাটিয়ে গেছেন বাবর আজম। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্স তিনি চলমান পিএসএল আসরেও ধরে রেখেছেন। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেছেন পেশোয়ার জালমির অধিনায়ক। যার সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর।
৯৯৯৪ রান নিয়ে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলেন বাবর। ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার শুরুতেই বিশ্বের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ১০ হাজার রানের ল্যান্ডমার্কে পৌছান তিনি। ২৭১ ইনিংসেই এই কীর্তি গড়লেন বাবর। এর আগে দ্রুততম ১০ হাজারী ব্যাটার ছিলেন ‘ইনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল।
ক্যারিবীয় কিংবদন্তি ওই মাইলফলক ছুঁতে ২৮৫টি টি-টোয়েন্টি ইনিংস খেলেন। তারপরই অবস্থান ছিল ভারতীয় তারকা বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক ২৯৯ ইনিংসে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন।
ফরম্যাটটিতে ১৪,৫৬২ রান নিয়ে সবার উপরে গেইল। তারপরই শোয়েব মালিক। এরপর কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।
