মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৪ সালের মৌসুম মাঠে গড়াচ্ছে কাল ভোর থেকে। প্রথম দিনটিতে অবশ্য একটি ম্যাচ। তবে ভারিক্কিতে ওই একটি ম্যাচই গোটা বিশ্বের সব ফুটবল অনুরাগীর নজর কেড়ে আনতে যথেষ্ঠ। যুক্তরাষ্ট্রের জটিল সমীকরণে এই লিগের ২৯তম মৌসুমের উদ্বোধনী ম্যাচে মাঠ মাতাবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
বাংলাদেশ সময় কাল সকাল ৭টায় ওয়েস্টার্ন কনফারেন্সের দল রিয়াল সল্ট লেককে নিজেদের মাঠ চেস স্টেডিয়ামে আতিথ্য দেবেন মেসিবাহিনী।
মেসি ও তার চার বার্সা সতীর্থ- লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা এবারই প্রথম মৌসুমের শুরু থেকে একসঙ্গে মায়ামির হয়ে খেলতে নামছেন। ফ্লোরিডার ‘হেরনস’রা গেলবার 'প্লে-অফ' পর্যায়ের টিকিট কাটতে না পারলেও ২০২৪ মৌসুমে এমএলএসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাচ টিকিট ঠিকই এ ক্লাবটিরই।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভিভিড সিটসের সাম্প্রতিক তথ্যানুসারে এমএলএসের আসন্ন মৌসুমের ২০টি সর্বোচ্চ আকর্ষণীয় ম্যাচের ১৯টিই ইন্টার মায়ামির। গড়ে এ সপ্তাহে ৯০০ মাইল ভ্রমণ করে মায়ামির এ ম্যাচের চাক্ষুস অভিজ্ঞতা নিতে আসবেন দর্শকেরা। যা এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন কলোম্বাস ক্রু’র ম্যাচ দেখতে হওয়া খরচের চাইতে ১৩৫ গুণ বেশি। আরেকটি প্রতিষ্ঠান স্টাটহাবের তথ্যে জানা যায়, বিশ্বের ৪৪টি দেশের ফুটবল ভক্তরা মায়ামির ম্যাচ দেখতে টিকিট কেটে ফেলেছেন। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল মাত্র ৯টি।
উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের এমএলএস অভিষেক হতে যাচ্ছে এ ম্যাচ দিয়ে। মায়ামি দলে তার সংযুক্তি ক্লাবটির কোচ জেরার্দো মার্তিনোর হাতকে নিঃসন্দেহে শক্তিশালী করেছে। অবশ্য প্রাক-মৌসুম সফরে সুয়ারেজ আলো কাড়তে সক্ষম হননি তেমনভাবে। কিন্তু সুয়ারেজের মতো বড় মাপের ফুটবলারকে প্রীতি ম্যাচ দিয়ে মূল্যায়ন করার ভুল প্রতিপক্ষের কোনো কোচই করবেন না। গেলবার লিওনার্দো কাম্পানা ছিলেন ৯ গোল নিয়ে মায়ামির শীর্ষ গোলদাতা। একই সময়ে ব্রাজিলের শীর্ষ লিগে গ্রেমিওর হয়ে ৩৬ ম্যাচে ১৭ গোলের সঙ্গে ১১টি অ্যাসিস্ট করার পরিসংখ্যান সঙ্গে করেই ফ্লোরিড়ায় উড়ে এসেছেন সুয়ারেজ। মেসি-সুয়ারেজের যুগলবন্দীর কারণেই এ মৌসুমে এমএলএস কাপ (লিগ শিরোপা) ও সাপোর্টাস শিল্ড জেতার দৌড়ে সবার বাজির দল ইন্টার মায়ামি। রেগুলার সিজনের সেরা দলটি জিতে থাকে এ খেতাব।
এ দুজনের আরেক বার্সা সতীর্থ জর্দি আলবা নতুন মৌসুম শুরুর আগে বলেছেন, ‘আমরা প্রতিটি শিরোপা ঘরে তুলতে চাই। ব্ষিয়টি কঠিন কারণ লিগে আরও বেশ কিছু শক্তিশালী দল রয়েছে যাদের চাওয়া আমাদের মতোই। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের এবারের দলটি ভীষণ ভালো।’
মায়ামির প্রতিপক্ষ রিয়াল সল্ট লেক গত মৌসুমে ওয়েস্টার্ন কনফারেন্সে পঞ্চম অবস্থানে থেকে ফাইনাল সিরিজে উঠেছিল। ‘ক্ল্যারেট ও কোবাল্ট’দের শিবিরে আছেন মেসির স্বদেশী ও দারুণ মিডফিল্ডার পাবলো রুইজ। হাঁটুর অস্ত্রোপচার থেকে সেড়ে ওঠায় মৌসুমের শুরু থেকেই তাকে পাবে ক্লাবটি। সঙ্গে কলম্বিয়ার স্ট্রাইকার ক্রিশ্চিয়ান আরাঙ্গোকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। তবে মেসি ও তার বাহিনীর মোকাবেলা করাটা যে চ্যালেঞ্জিং হবে তা জানেন রিয়াল সল্ট লেকের কোচ পাবলো মাস্ত্রোয়েনি। অ্যারিজোনাতে বড় হলেও পাবলো জন্মেছেন আর্জেন্টিনাতে। বলেন, 'মেসি সর্বকালের সেরা তো আর এমনি এমনি হননি। তার মতো একজন খেলোয়াড় যখন প্রতিপক্ষে থাকে তখন কোনো পরিকল্পনা করা অনেক কঠিন হয়ে যায়। মেসি একাই যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।'
বার্সেলোনা ও পিএসজির হয়ে লিগ শিরোপা জেতার পর এবার এমএলএস কাপ জেতার অভিযাত্রা আজ সকালেই শুরু করবেন লিওনেল মেসি।
