গল্পই আমাকে সিনেমায় এনেছে

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪২ এএম

দেশের সর্বাধিক দর্শকের তারকা মেহজাবীন চৌধুরী একুশে ফেব্রুয়ারি তার অভিনয় জীবনের চৌদ্দ বছরে পদার্পণ করলেন। দীর্ঘ এই ক্যারিয়ারে ফিরিয়েছেন বহু সিনেমার প্রস্তাব। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও এত বছরে কেউ তাকে সিনেমার জন্য রাজি করাতে পারেননি। জানিয়েছিলেন, মনের মতো গল্প না পেলে সিনেমা করবেন না। এতে যদি তার সময় চলেও যায় তাতেও আফসোস করবেন না।

দর্শক থেকে শুরু করে বহু নির্মাতাই চাচ্ছিলেন তিনি বড় পর্দায় আসুন। এবার সবার চাওয়া পূর্ণ করতে তিনি আসছেন বড় পর্দায়। দিয়েছেন সিনেমার ঘোষণা। সিনেমার শুটিং শেষ করে তবেই সে খবর সামনে আনলেন তিনি।

সিনেমার নাম ‘সাবা’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্প লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। এটি পরিচালনা করেছেন মাকসুদ। সোশ্যালে নিজের সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেন মেহজাবীন, যেখানে দেখা গেছে এলোমেলো চুলে, আনমনা এক মেহজাবীনকে।

সেইসঙ্গে এক পোস্টে মেহজাবীন লিখেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাক্সক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।

সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘২০২৩’ সালের শুরুতেই আমরা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি। ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার পুরো ক্যারিয়ারে অসংখ্য সিনেমার প্রস্তাব পেয়েছি কিন্তু আমার মন সায় দেয়নি। মনের মতো গল্প পাইনি। এই সিনেমাটি করতে রাজি হওয়ার কারণ এর গল্প। গল্পটা শোনার পর মনে হলো, এই সিনেমার সঙ্গে আমার যুক্ত হওয়া উচিত। বলতে পারেন, গল্পই আমাকে সিনেমায় এনেছে। দীর্ঘ সময় এটার জন্য প্রস্তুতি নিয়েছি এরপর শুটিং করেছি। শুটিং শেষ, এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই বছরের শেষ দিকে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আমার জীবনের প্রথম সিনেমা, আমার জন্য অনেক বড় একটা বিষয়। এর গল্প, চরিত্র, নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’ প্রেম, ভালোবাসা, মানবিক দিক ও জীবনবোধের নানা দিক উঠে আসবে এই সিনেমায়। এতে মেহজাবীন চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। চলতি বছরের ডিসেম্বরে ‘সাবা’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত