নিজের শিষ্যদের ব্যাপারে কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘লিভারপুল আতশবাজির মতো নৈপুণ্য উপহার দিয়েছে।‘ বলতে তিনি বাধ্য হয়েছেন। রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লুটনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে রেকর্ড গড়েছে লিভারপুল।
অ্যানফিল্ডে ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল লিভারপুল। পিছিয়ে থেকে জয় তুলে নেয় দলটি। তাতে চলতি মৌসুমে শুরুতে গোল হজম করেও ২২ পয়েন্ট পেল দলটি, যা যে কোনো দলের জন্য সর্বোচ্চ। ২০০৮-০৯ মৌসুমেও শুরুতে গোল হজম করে সমান পয়েন্ট পেয়েছিল লিভারপুল।
পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া লিভারপুল ৫৬ মিনিটে সমতায় ফিরে। এ সময় গোল করেন ডাচ ডিফেন্ডার ফন ডাইক। দুই মিনিট পর জালের দেখা পান ডাইকের জাতীয় দলের সতীর্থ কোডি গ্যাকপো। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজ ৭১ মিনিটে ও হারভে এলিয়ট ৯০ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন।
এ ম্যাচ দিয়ে ইউরোপের সেরা পাঁচ লিগের প্রথম দল হিসেবে এবার সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের পাঁচজন ফুটবলার ১০ বা তার বেশি গোল করতে সক্ষম হলেন। মোহামেদ সালাহ ১৯, দিয়েগো জটা ১৪, ডারউইন নুনেজ ১৩, গ্যাকপো ১১ ও দিয়াজ ১০ গোল করেছেন।
লুটনের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুল এবার ইউরোপের সেরা পাঁচ লিগের প্রথম দল হিসেবে করল ১০০ গোল। এ জয়ের পর ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৫৫ পয়েন্ট নিয়ে আর্সেনালের স্থান তিনে। ২৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লুটন আছে অবনমনের তালিকায়।
